Header AD

ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! পাহাড়ে ভোগান্তি পর্যটকদের, বিকল্প রাস্তায় চলছে যাতায়াত

ফের বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম ‘সংযোগকারী’ ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত  চলবে মেরামতির কাজ । আপাতভাবে সেই কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই সড়ক দিয়ে সমস্ত রকম যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ।

একটানা বৃষ্টিতে  কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধসের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তা । শিলিগুড়ি-সিকিমের সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও এর অন্তর্গত। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত জাতীয় সড়কের একাধিক জায়গায় রাস্তা ধসে গিয়েছে। জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই দুর্ভোগে পড়ছেন  পর্যটকেরা। তবে ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন। সিকিমগামী সমস্ত গাড়ি আলগাড়া ও গরুবাথান দিয়ে যাতায়াত করছে । তার সঙ্গে দার্জিলিং থেকে কালিম্পংয়ের রাস্তাও খোলা রয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, ২৯ মাইল থেকে গেলখোলার মধ্যে অন্তত পাঁচ জায়গায় বড় ধস রয়েছে। সোমবার থেকে ওই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। পর্যটন ব্যবসায়ীদের দাবি, পূর্বঘোষণা বা বিকল্প পরিকল্পনা ছাড়াই এমন সিদ্ধান্তে হাজার হাজার পর্যটক ও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছোতে যেখানে মাত্র সাড়ে চার ঘণ্টা সময় লাগে, সেখানে এখন বাগরাকোট-লাভা-আলগাড়া বা গরুবাথান হয়ে একই দূরত্ব পেরোতে সময় লাগবে প্রায় ছ’ঘণ্টা বা তারও বেশি। তিস্তা বাজার, পেশক রোড বা কালীঝোরা ঘুরপথ হলেও সেই পথে ভারী যানবাহনের চলাচল অসম্ভব।