সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) ভর্ৎসনার পর অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ের একটি বিতর্কিত অধ্যায় নিয়ে বড় সিদ্ধান্ত নিল এনসিইআরটি (NCERT)। সংস্থা জানিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট বইটি সম্পূর্ণভাবে বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি করে নিঃশর্ত ক্ষমাও চেয়েছে তারা।
বিতর্কের সূত্রপাত হয় ‘Exploring Society: India and Beyond – Grade 8’ শীর্ষক বইয়ের একটি অধ্যায়কে কেন্দ্র করে। ‘আমাদের সমাজে বিচার বিভাগের ভূমিকা’ নামের চতুর্থ অধ্যায়ে দেশের বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতির উল্লেখ করা হয়েছিল। এছাড়াও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, বিচারকের অভাব, জটিল আইনি কাঠামো এবং আদালতে বিপুল সংখ্যক মামলার জট—এই বিষয়গুলিও সেখানে তুলে ধরা হয়েছিল।
এই অংশ নিয়েই দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। বিষয়টি দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নজরে আসার পর তা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। এরপরই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে মামলা দায়ের করে।
পরিস্থিতির প্রেক্ষিতে এনসিইআরটি এক বিবৃতিতে জানিয়েছে, বইটির ওই অধ্যায়টি উপযুক্ত ছিল না। সেই কারণেই সংস্থা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে। পাশাপাশি জানানো হয়েছে, সংশ্লিষ্ট বইটি আর কোনও স্কুলে বিতরণ করা হবে না এবং বাজার থেকেও তা প্রত্যাহার করা হয়েছে।
তবে বই প্রত্যাহারের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ না করলেও এনসিইআরটি জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সংশোধনের কাজ করা হবে এবং ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে পাঠ্যবই প্রস্তুত করা হবে।




