মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ল। কাতারের দোহা এবং বাহরিনের রাজধানী মানামায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে। পরিস্থিতি সামাল দিতে সংযুক্ত আরব আমিরশাহী জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই সম্ভাব্য মিসাইল হামলার আশঙ্কায় দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করে আমিরশাহী প্রশাসন। সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, দ্রুত নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নিতে। পাশাপাশি জানলা বা দরজা দিয়ে বাইরে না তাকানোর এবং খোলা জায়গায় না থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার ইরানে হামলার ঘটনার পর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায়। তার পরেই ইজরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এমনকি বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার কাছাকাছিও একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। নিরাপত্তার কারণে শনিবারই বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়।
এরপর থেকে হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবির একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ড ঘটলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে ইরানকে কড়া বার্তা দিয়েছে আমিরশাহী। তাদের বক্তব্য, এই যুদ্ধ ইরানের নিজস্ব বিষয়। এতে প্রতিবেশী দেশগুলিকে জড়ানো উচিত নয়। তবুও নতুন করে মিসাইল হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ঘনিয়ে রয়েছে উদ্বেগের মেঘ।





