রাজ্যজুড়ে এ বছর আলুর উৎপাদন অনেক বেশি হওয়ায় ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কায় সমস্যায় পড়েছেন আলু চাষিরা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। চাষিদের স্বার্থ রক্ষায় সরকার ঘোষণা করেছে ‘পটেটো প্রোকিওরমেন্ট স্কিম ২০২৬’, যার মাধ্যমে সরাসরি চাষিদের কাছ থেকে আলু কেনা হবে।
মঙ্গলবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “আলু রাজ্য সরকার নিজে কিনে নেবে। আমরা কথা বলেছি, যেখানে যেখানে আলু মজুত রয়েছে সেগুলি পর্যবেক্ষণ করে সরকার সরাসরি চাষিদের কাছ থেকে আলু সংগ্রহ করবে।”
এই প্রকল্পের আওতায় চাষিদের কাছ থেকে ন্যূনতম ৯৫০ টাকা প্রতি কুইন্টাল দরে আলু কেনা হচ্ছে। পাশাপাশি বেসরকারি হিমঘর মালিকদেরও এই ক্রয় প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে, যাতে বড় পরিসরে আলু সংগ্রহ করা সম্ভব হয়। আলু কেনার কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই জন্য হিমঘর মালিকদের ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। ব্যাঙ্ক, হিমঘর মালিক, জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের মধ্যে সমন্বয় রেখে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি রাজ্য সরকারের বিপণন সংস্থা ‘সুফল বাংলা’ও লাভজনক দামে আলু কেনা শুরু করেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের হিমঘরগুলিতে মোট ৮২ লক্ষ মেট্রিক টন আলু সংরক্ষণের ক্ষমতা রয়েছে। বর্তমানে তার মাত্র প্রায় ১২ শতাংশ ভর্তি হয়েছে, ফলে এখনও বিপুল পরিমাণ আলু সংরক্ষণের সুযোগ রয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে কেনা আলু পরে মিড-ডে মিল এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে। সরকারের বক্তব্য, আলু চাষিদের স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।




