Header AD

রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা, নতুন যাত্রা কোয়েল-মেনকার, আগে পৌঁছে নজর কাড়লেন রাজীব কুমার

পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিধানসভায় এসে রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha Election)জন্য মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী—বাবুল সুপ্রিয় (Babul Supriyo), কোয়েল মল্লিক(Koel Mallick), রাজীব কুমার (Rajeev Kumar) এবং মেনকা গুরুস্বামী (Menaka Guruswami)—বিধানসভায় গিয়ে তাঁদের মনোনয়ন পেশ করেন। তৃণমূলের চারজনের মধ্যে রাজনৈতিক বৃত্তের বাইরে থেকে এসেছেন তিনজনই। প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের সঙ্গে যদি বা সামান্য কিছু রাজনৈতিক-যোগ ছিল, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী একেবারেই ভিন্ন জগতের। শাসকদলের তরফে তাঁরা সংসদের উচ্চকক্ষে যাওয়ার বিষয়টিকে বেশ দায়িত্বপূর্ণ বলে মনে করছেন।পাশাপাশি বিজেপি প্রার্থী রাহুল সিনহাও এদিন মনোনয়ন জমা দেন।

এদিন সকাল ১১টায় সকলের উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছে যান রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। সকাল ১০টা ৪৪ মিনিট নাগাদ তিনি বিধানসভায় পৌঁছে পরিষদীয় দপ্তরের সচিবালয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি মাদার টেরেসার উক্তি তুলে ধরে বলেন, “ভগবান কখনও এমন দায়িত্ব দেন না, যা আমি পালন করতে পারব না।” তিনি আরও বলেন, এই সুযোগ পাওয়াটা তাঁর কাছে অত্যন্ত সম্মানের।

উল্লেখ্য এদিনই প্রথমবার বিধানসভায় পা রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিসপাল সিংয়ের সঙ্গে বিধানসভায় প্রবেশ করার সময় তিনি বলেন, এটি তাঁর জীবনের এক নতুন অধ্যায়। মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেলে তিনি এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন বলেও জানান তিনি। রাজ্যসভায় তৃণমূলের আরেক প্রার্থী আইনজীবী মেনকা গুরুস্বামীও এদিন বিধানসভায় পৌঁছন। অন্যদিকে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় এদিন কিছুটা দেরিতে পৌঁছন। তিনি আগে দু’বার লোকসভার সাংসদ এবং একবার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়ন জমা দেওয়ার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের রাজ্যসভার চার প্রার্থী। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। সেখানেই নতুন দায়িত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাদার টেরিসার উক্তি টেনে বলেন, “এটা আমার জন্য বড় সম্মান। কিন্তু আগেও আমি বলেছি মাদার টেরেসাকে কোট করে বলছি, আমি যার যোগ্য আমি তাই পেয়েছি। আর এই জায়গায় সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।”মেনকা গুরুস্বামীর কথায়, ”আমি সংবিধান মেনে কাজ করার পক্ষে, সে সংসদ হোক বা আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় সুযোগ দিয়েছেন রাজ্যসভায়। তাদের কাছে কৃতজ্ঞ। সংবিধান মানুষকে সমানাধিকার দেয়। সেই সমানাধিকারের জন্য লড়াই করার সুযোগ পেলাম সংসদের উচ্চ কক্ষে।” কোয়েল বললেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমি চিরকাল মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। সেই সুযোগ, সেই দায়িত্ব আমি পেলাম।” অন্যদিকে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া, “ভোটে জিতে এসে কাজ করা একটা প্রিপেড ব্যবস্থা। আগে ভোটে জেতা, তার পর মানুষের জন্য কাজ করা। আগে রিকোয়েস্ট আসত গানের। সেখানে পারফর্ম করতে হত। পরে লোকসভায় জিতে কাজ করা শুরু করি, মানুষের রিকোয়েস্ট নিয়ে পারফর্ম শুরু করি। তারপর আবার মন্ত্রিসভায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আমার উপর ভরসা করেছেন। মানুষের জন্য পারফর্ম করব।”

এদিন তৃণমূলের চার প্রার্থীকে বিধানসভার অধিবেশন কক্ষ ঘুরিয়ে দেখান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রার্থীদের আগাম শুভেচ্ছা জানান বিধানসভার অধ্যক্ষ।