Header AD

ভূস্বর্গে ‘অপারেশন ছত্রু’! জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গি ধরতে অভিযান, গুলির লড়াইয়ে আহত ১ জওয়ান

ভূস্বর্গে ফের গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড় জেলার প্রত্যন্ত ছত্রু এলাকায় বুধবার ভোর থেকে নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। প্রাথমিক সূত্রে খবর, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জওয়ান। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কিশ্তওয়াডের নাইরগামের কলাবন জঙ্গলে একদল জঙ্গি আশ্রয় নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ছত্রু এলাকায় জঙ্গিদের খোঁজে বুধবার ভোরে অভিযান চালায় সেনার হোয়াইট নাইট কোর ও পুলিশের যৌথবাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গলে তিন জঙ্গি  আশ্রয় নিয়েছে। জঙ্গলে ঢুকে জঙ্গিদের তল্লাশি চালানোর সময় পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বাহিনীও পাল্টা গুলি চালায়।

সেনার হোয়াইট নাইট কোর এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘হোয়াইট নাইট কোরের সেনারা জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে মিলে ছত্রুতে যৌথ অভিযান চালাচ্ছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে। এখনও অভিযান চলছে।’’ কিশ্তওয়াড়ের উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত ছত্রু এলাকায় গত কয়েক বছরে একাধিক বার বিক্ষিপ্ত ভাবে দেখা গিয়েছে জঙ্গি তৎপরতা। জানা গিয়েছে, এ বারেও বেশ কিছু দিন ধরে দু’-তিনজন জঙ্গি ওই এলাকায় গা-ঢাকা দিয়েছিল বলে মনে করা হচ্ছে। এছাড়া নিরাপত্তাবাহিনীও তাদের গতিবিধির উপর কড়া নজর রাখছিল।ওই অঞ্চলে বেশ কয়েক মাস ধরে সক্রিয় ছিল এই দলটি। এরপরই  বুধবার ভোর থেকে বাহিনী জঙ্গিদমন অভিযান চালায়।