Header AD

হুগলির উত্তরপাড়ায় হুলস্থুল! SIR আতঙ্কে বটগাছে চড়ে বসলেন এক মহিলা

বাংলাজুড়ে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রতিদিনই প্রায় সামনে আসছে নানা ঘটনা। কেউ আতঙ্কে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে, আবার কোথাও SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে। এরই মাঝে আবাক করা কাণ্ড হুগলির উত্তরপাড়ায়। SIR আতঙ্কে বটগাছের উপর চড়ে বসেন এক মহিলা। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর কাছে গেলে তিনি বলেন, “এটাই আমার বাড়ি। আমার কাছে কাজ চাইবে না!”

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হুলস্থুল পড়ে যায় উত্তরপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে হিন্দমোটর  কলোনি এলাকায়। সেখানে বটগাছে  চড়ে বসে আছেন এক মহিলা। বুধবার রাত থেকেই নাকি তিনি গাছেই রয়েছেন। তাঁকে নামতে বললেই গাছের ডাল হাতে তেড়ে আসছেন। সকালে পুলিশ তাঁকে ঐ গাছ থেকে নামাতে যায়। কিন্তু গাছ ছেড়ে নামতে নারাজ তিনি।

স্থানীয়দের অভিযোগ, এসআইআর ফর্ম পাওয়ার পরে আতঙ্কেই নাকি তিনি গাছে চড়ে বসেছেন। কেউবা বলছেন SIR ফর্ম ফিলাপ হয়নি সেই আতঙ্কে উনি গাছে উঠেছেন। তবে, কারও মতে আবার উত্তরপাড়ায় যেভাবে দিনের আলোয় গাছ কাটা পড়ছে, তারই প্রতিবাদে নাকি তিনি গাছে চড়ে বসে আছেন। কেউ আবার বলছেন, উনি মানসিক ভারসাম্যহীন। অনেকের ধারনা এসআরআই আতঙ্কে মানসিক অবসাদেই গাছে উঠেছেন ওই মহিলা।