ফের এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে নাম জড়াল নাসির খানের। কে এই নাসির খান? ১৩ বছর আগে পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন নাসির। অভিযোগ, রবিবার রাতে কলকাতার এক হোটেলের নৈশ ক্লাবে এক যুবতীকে যৌন হেনস্তা করেছেন নাসির ও তাঁর এক সঙ্গী। দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা’।
ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর রবিবার। ওই দিন রাতে স্বামীর সঙ্গে বাইপাসের ধারে একটি হোটেলের নৈশ ক্লাবে গিয়েছিলেন নির্যাতিতা যুবতী। অভিযোগ, সেখানে তাঁর শ্লীলতাহানি করেন নাসির ও তাঁর এক সঙ্গী জুনায়েদ খান। মূলত তার পরেই বিধাননগর দক্ষিণ থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিতা তিলজলার বাসিন্দা। পুরো বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) এবং ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের নোটিস পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের এক পানশালায় সুজেট জর্ডন নামে এক যুবতীকে গণধর্ষণে নাম জড়িয়েছিল নাসির-সহ পাঁচ জনের। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। একে একে গ্রেফতার হন নাসির, রুমান খান এবং সুমিত বজাজ। ২০১৫ সালে পাঁচ জনই দোষী সাব্যস্ত হন। চার বছর গা-ঢাকা দিয়ে থাকার পর ২০১৬ সালে ধরা পড়েন মূল অভিযুক্ত কাদের খান এবং আলি। আট বছর জেল খাটার পর ছাড়া পান সুমিত। তার দু’ বছর পর ছাড়া পেয়ে যান নাসিরও। এ বার আর এক মহিলার শ্লীলতাহানিতে ফের নাম জড়াল সেই নাসিরেরই।





