Header AD

অনলাইন গেমিং নিষিদ্ধ করা আইনকে চ্যালেঞ্জ করে পিটিশন! কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

আর্থিক লেনদেনকারী অনলাইন গেম দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেই পিটিশন জমা পড়েছিল । সেই নিয়েই  সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেন্দ্রের কাছে জবাব চাইল ।

বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানান, মূল যে পিটিশন জমা পড়েছে, কেন্দ্রীয় সরকারের হয়ে তা নিয়ে জবাব দেবেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। আগেই  তার জবাব পিটিশনকারীর আইনজীবীকে পাঠিয়ে দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর ।

এই বছরের অগস্টে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’ পাশ  করে নরেন্দ্র মোদী । এই আইনটিতে বলা হয়েছে, এ দেশের সাধারণ মানুষ আর্থিক লেনদেন রয়েছে এমন কোনও অনলাইন গেম খেলতে পারবে না । এছাড়াও, যে সমস্ত অনলাইন গেমগুলিতে রয়েছে পুরষ্কার মূল্য, খেলা যাবে না সেগুলিও।

 এর আগে দিল্লি, কর্নাটক, মধ্যপ্রদেশ হাই কোর্টে পিটিশন জমা পড়েছে এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে। এই নিয়ে সুপ্রিম কোর্টেও জমা পড়েছে বেশ কয়েকটি পিটিশন। সব মিলিয়ে শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, এই অনলাইন গেম নিষিদ্ধ হওয়ার কারণে বহু মানুষ  রুজি হারিয়েছেন।

উল্লেখ্য, মামলাকারী নিজেই অনলাইনে দাবা খেলে রোজগার করতেন। বিচারপতি পারদিওয়ালার পর্যবেক্ষণ, ‘‘ভারত অদ্ভুত এক দেশ। আপনি এক জন খেলোয়াড়। খেলতে চান। এটাই আপনার রোজগারের একমাত্র উৎস। তাই শুনানিতে যোগ দিতে চান।’’

আবেদনকারীর আইনজীবী  সওয়াল করে জানিয়েছেন, কেন্দ্রের এই আইন সংবিধানের ১৯(১)(জি) আইন লঙ্ঘন করছে। এই আইন দেশের নাগরিকদের ইচ্ছামতো পেশা বা আইনি ব্যবসা করার অধিকার দেয়। আইনজীবীর সওয়াল, কেন্দ্রের আনা আইন সেই অধিকার কেড়ে নিচ্ছে।