আইনজীবীদের হাতে রক্তাক্ত হলেন এক পুলিশ কর্মী। মঙ্গলবার বিকেলে বারাসত জেলা আদালত (Barasat Zila Adalat) চত্বরে এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। যার সাক্ষী থাকল বারাসত আদালতের ব্যস্ত ‘কোর্টের মাঠ’। সোমবার বারাসত আদালতের আইনজীবী দুলাল সরকার তাঁর পরিবারের সঙ্গে একটি চার চাকা গাড়িতে করে টাকি রোড ধরে দত্তপুকুরের দিকে যাচ্ছিলেন। তাঁদের গাড়ি কাজিপাড়া পেরিয়ে বামনগাছি সংলগ্ন একটি পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছিল।অভিযোগ, সেইসময় কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। এমনকি আইনজীবী ও তাঁর পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ।
আক্রান্তরা চিকিৎসার জন্য বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। দত্তপুকুর থানায় আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগও দায়ের হয়। তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়েছিল। পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশও দেন বিচারক। অভিযোগ, বিকেলের পর ধৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় আইনজীবীদের একাংশ অভিযুক্তদের উপর চড়াও হন। ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। বারাসত থানার এএসআই সুপ্রিয় ভদ্র পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন। আইনজীবীদের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে তাঁর উপর। ঘটনায় রক্তাক্ত হন তিনি।বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া বলেন, “কর্মরত অবস্থায় পুলিশকে রক্তাক্ত হতে হল। যারাই অভিযুক্ত থাকুক, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।”






