Header AD

৪ সপ্তাহের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দেশে  ফেরাতে হবে, হাইকোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র

হাই কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র সরকার। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ‘পরিযায়ী’ তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।   বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই রায় দিল। রায়ে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে সোনালী বিবি-সহ বীরভূমের ২ পরিবারের ৬ জনকে  বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। রায়কে স্বাগত জানিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, “হাইকোর্টের অর্ডার এসেছে যেখানে বীরভূমের এক অন্তঃসত্ত্বা মহিলাকে এবং তার সঙ্গে ৬জনকে বাংলাদেশি বলে ডিপোট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট অর্ডার দিয়ে বলেছে, FRRO (Foreigner’s Regional Registration Office) র ডেপুটেশন সম্পূর্ণ অবৈধ। চার সপ্তাহের মধ্যে তাদের ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে।” একইসঙ্গে কেন্দ্র  সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিষক বলেন, “বাঙালি দেখলে বলে দিচ্ছে বাংলাদেশি। বাংলায় কথা বললে বলছে এদেরকে অ্যারেস্ট করতে হবে।“

প্রসঙ্গত, দানিশ শেখ, তাঁর স্ত্রী সোনালি বিবি ও তাঁদের পাঁচ বছরের শিশুপুত্রকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ ওঠে কয়েকমাস আগে। বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামের বাসিন্দা ওই পরিবারকে ১৮ জুন দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। পরিবারের সদস্যরা জানান, সেদিনই ধৃতরা ফোন করে খবর দেন যে পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ধৃতদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কোন এলাকা দিয়ে তাঁদের সীমান্তে নিয়ে যাওয়া হয়, তা জানানো হয়নি।

 সোনালী বিবির পরিবারকে সীমান্ত পার করানোর সিদ্ধান্ত একতরফা ও ভুল ছিল, পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এবার চার সপ্তাহের মধ্যে ওই পরিবারকে ফেরানোর নির্দেশ আদালতের। এই রায়ে এবার কেন্দ্রের বিজেপি সরকারের মুখ পুড়ল আদালতে। পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিয়েছে হাই কোর্ট। যেভাবে সোনালি-সহ অন্যদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল, তার সমালোচনা করে আবেদন খারিজ করে দিয়েছে আদালত।