Header AD

হঠাৎ বাতিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুক্রবারের দার্জিলিং সফর,কারণ ঘিরে ধোঁয়াশা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নির্ধারিত উত্তরবঙ্গ সফর হঠাৎই বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁর দার্জিলিংয়ে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। কেন এই সফর বাতিল করা হল, তা নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে কারন ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

সূত্র অনুযায়ী, শুক্রবার বিকেল প্রায় ৪টা ১৫ মিনিট নাগাদ ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে দার্জিলিং পার্বত্য উৎসবের (Darjeeling Hill Festival)উদ্বোধন করার কথা ছিল রাষ্ট্রপতির। একই সঙ্গে দার্জিলিংয়ের লোকভবনে ‘রুট অ্যান্ড রিদমস’ নামে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করার কথাও ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে জানা গিয়েছে সেই অনুষ্ঠানে আর উপস্থিত থাকছেন না তিনি।

রাষ্ট্রপতির এই আকস্মিক সফর বাতিল হওয়ায় বিভিন্ন মহলে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ভোটমুখী রাজ্যে রাজ্যপাল বদলের ঘটনা নিয়ে চলা আলোচনা ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

তবে রাষ্ট্রপতি ভবনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৭ মার্চ) দার্জিলিংয়ে আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে (International Santali Council)অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাইসিনা হিলস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা স্পষ্ট করা হয়েছে। মূলত আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, ভাষা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গত বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অসমে।