Header AD

দুদিনের সফরে দার্জিলিংয়ে রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তার ঘেরাটোপে পাহাড়

শুক্রবার দু’দিনের রাজ্য সফরে পশ্চিমবঙ্গে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে ঘিরে পাহাড়ি শহর দার্জিলিং (Darjeeling)-এ তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মূলত পাহাড়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এবং নারী ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতেই সাজানো হয়েছে এই সফরের কর্মসূচি। রাষ্ট্রপতির সফর ঘিরে পাহাড়সহ সংলগ্ন এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে।

সফরের প্রথম দিন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন দার্জিলিং হিল ফেস্টিভ্যাল (Darjeeling Hill Festival)। এবারের উৎসবের আয়োজনে বিশেষ তাৎপর্য রয়েছে , কারণ ‘বন্দে মাতরম’ সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে উৎসবটি এক বিশেষ ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে। একই দিনে দার্জিলিংয়ের লোক ভবনে তিনি উদ্বোধন করবেন ‘রুট অ্যান্ড রিদম’ নামের একটি প্রদর্শনী। পাহাড়ের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

আগামী দুদিন পাহাড়ে থাকলেও প্রযুক্তির মাধ্যমে অন্যান্য কর্মসূচিতেও যুক্ত থাকবেন রাষ্ট্রপতি। এদিন তিনি ভার্চুয়ালি অংশ নেবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুর (Indian Institute of Technology Kharagpur)-এর প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। সেখানে ‘উইমেন্স লিডারশিপ অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সূচনা করবেন তিনি। উচ্চশিক্ষা ও প্রযুক্তি বিদ্যায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ।

সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ৭ মার্চ, রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে। আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল (International Santali Council)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আদিবাসী সমাজ ও সংস্কৃতির উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে দার্জিলিং জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। একদিকে ভোটার তালিকা ইস্যুতে পাহাড়ে চলা রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে রাষ্ট্রপতির সফর— সব মিলিয়ে উত্তরবঙ্গ প্রশাসন এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরা হয়ে তাঁর দার্জিলিং পৌঁছবেন তিনি।