Header AD

অস্কারের মঞ্চে আবারও দায়িত্বে প্রিয়াঙ্কা চোপড়া, হলিউড তারকাদের সঙ্গে উপস্থাপনায় ‘দেশি গার্ল’

গোল্ডেন গ্লোবের পর এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান অস্কারের মঞ্চেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক সিনেমাপ্রেমীদের নজর এখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দিকে। চলতি মার্চেই অনুষ্ঠিত হতে চলেছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। আর সেই অনুষ্ঠানেই সঞ্চালকদের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা।

আগামী ১৫ মার্চ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ABC-তে সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। অস্কারের মঞ্চে বিশ্বের খ্যাতনামা তারকাদের সঙ্গে উপস্থাপনায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর সঙ্গে থাকছেন রবার্ট ডাউনি জুনিয়র (Robert Downey Jr.),  অ্যানে হ্যাথওয়ে (Anne Hathaway), উইল আর্নেট (Will Arnett) এবং পল মেস্কালের (Paul Mescal) মতো জনপ্রিয় হলিউড তারকারা।

অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কার উপস্থিতি অবশ্য নতুন নয়। হলিউডে তাঁর কেরিয়ারের শুরুর দিকে একবার এই দায়িত্ব সামলেছিলেন তিনি। গত প্রায় এক দশকে পশ্চিমী চলচ্চিত্র জগতে নিজের অবস্থান আরও শক্ত করেছেন অভিনেত্রী। তাই আবারও এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণাকে ভারতের জন্য গর্বের মুহূর্ত বলেই মনে করছেন অনেকে।

সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের (Golden Globe Awards) মঞ্চেও সঞ্চালক হিসেবে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তাঁর নতুন ছবি দ্য ব্লাফ (The Bluff)-এ জলদস্যুর চরিত্রে অভিনয়ও দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে অস্কারের মঞ্চে তাঁর উপস্থাপনার খবর সামনে আসতেই ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার অস্কারের রেড কার্পেটে হাঁটেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ২০১৭ সালেও তাঁকে দেখা যায় অনুষ্ঠানে। দু’বারই হলিউডে তাঁর উপস্থিতি সাড়া ফেলেছিল। প্রায় নয় বছর পর আবারও অস্কারের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন ‘দেশি গার্ল’।