২০২৬ -এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কেন তড়িঘড়ি এসআইআর করল নির্বাচন কমিশন? এই প্রশ্ন তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন পিন্টু কারার। মামলাকারীর দাবি, এসআইআরের সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। SIR ঘিরে আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন। SIR আতঙ্কে রাজ্যে ইতিমধ্যে দুটি আত্মহত্যার ঘটনা ঘটে গিয়েছে ,যাকে ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহে রাজ্যের শাসক দলের দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ছাব্বিশের আগে তড়িঘড়ি এসআইআর করা হচ্ছে । এরই মাঝে শুক্রবার কলকাতা হাই কোর্টে এসআইআর নিয়ে মামলা দায়েরের অনুমতি চান মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, অনুমতির কোন প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে। জানা গিয়েছে, এরপরই দায়ের হয়েছে মামলা।
আরও খবর, মামলাকারী SIR-এর সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। আদালতের নজরদারিতে SIR করার কথাও বলেছেন। পাশাপাশি কেন SIR প্রয়োজন, তা স্পষ্ট করার কথাও বলেছেন। একইসঙ্গে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আর্জি জানিয়েছেন তিনি।





