Header AD

কল্যাণ বন্দোপাধ্যায়ের ব্যাংক থেকে উধাও ৫৫ লক্ষ টাকা! সাইবার প্রতারণার শিকার শ্রীরামপুরের সাংসদ

সাইবার প্রতারণার ফাঁদে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৫৫ লক্ষ টাকা তাঁর বিধানসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, এই বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষই ।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোলের বিধায়ক ছিলেন কল্যাণ। সে সময়ে অন্যান্য  বিধায়কদের সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) তাঁর নামেও বিধানসভার উপশাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। এসবিআইয়ের হাই কোর্ট শাখার অধীন ওই উপশাখা। বিধায়ক থাকাকালীন তাঁর যাবতীয় ভাতা ওই অ্যাকাউন্টে জমা পড়ত। তবে তিনি এখন সাংসদ। বিধানসভার ওই অ্যাকাউন্টে দীর্ঘ দিন  কোনও লেনদেন করেননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ । যার ফলে ‘নিস্ক্রিয়’ হয়ে যায় অ্যাকাউন্টটি।  সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই কারচুপি করেছে প্রতারকেরা বলেই অভিযোগ।

 কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মূল অ্যাকাউন্ট রয়েছে এসবিআইয়ের কালীঘাট শাখায় ।সাংসদের দাবি,বৃহস্পতিবার হাই কোর্ট শাখার ম্যানেজার  ফোন করে তাঁকে প্রতারণার খবর দিয়েছেন। সূত্রের খবর, সাংসদের ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে এই প্রতারণা হয়েছে। কালীঘাটের অ্যাকাউন্ট থেকে প্রথমে ৫৫ লক্ষ টাকা বিধানসভার নিস্ক্রিয় অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে।

প্রতারণার খবর পেয়ে হতবাক শ্রীরামপুরের সাংসদ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ । এছাড়াও এই ঘটনার দ্রুত নিস্পত্তি হবে বলে আশা কল্যাণের।

 এখানেও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ব্যাঙ্কে টাকা রাখলে অপরাধীরা নেবে আর বাড়িতে টাকা রাখলে নরেন্দ্র মোদী নেবে।’’