বিভিন্ন রাজ্যে কাশির ওষুধ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় পুলিশের জালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন। তামিলনাড়ুর যে সংস্থা ওই বিষাক্ত কাশির সিরাপ তৈরি করেছিল, তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
কিছু দিন আগে মধ্যপ্রদেশে ২০টি শিশুর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠতে থাকে ।পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও একই ওষুধ খেয়ে বেশ কয়েকজন শিশুর অসুস্থ হয়ে পড়ার কথা শোনা যায়। বেশ কয়েকদিন ধরে রঙ্গনাথনের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এমনকী, রঙ্গনাথনের বিষয়ে কোনও তথ্যদান কারী ব্যক্তিকে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করা হয়েছিল।
সুত্রের খবর গত কয়েকদিন ধরে তামিলনাড়ু পুলিশও খুঁজছিল রঙ্গনাথনকে । এরপর বুধবার গভীর রাতে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর পাশাপাশি, যে চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, গ্রেফতার করা হয়েছে তাঁকেও।
সর্দিকাশির ওষুধ হিসেবে শিশুদের খাওয়ানো হত কোল্ডরিফ সিরাপটি ।সম্প্রতি শিশুমৃত্যুর পর একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে ।এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। এতে মেশানো থাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ । ডিইজি মেশানো এই সিরাপ খেলে লিভার এবং স্নায়ুতন্ত্রেরও ক্ষতি হতে পারে মারাত্মক। সূত্রের খবর , ওষুধ প্রস্তুতকারী ওই সংস্থা কোল্ডরিফে ৪৬ থেকে ৪৮ শতাংশ ডিইজি মেশাচ্ছিল, যেখানে অনুমোদিত সীমা মাত্র ০.১ শতাংশ। এছাড়াও তাদের কাছে জিএমপি শংসাপত্রও ছিল না। তা সত্ত্বেও বেআইনি ভাবে ওষুধ তৈরি ও বিক্রি চালিয়ে যাচ্ছিল তারা।





