সমাজমাধ্যমে তাঁর মন্তব্য বিকৃত করে সম্মানহানি করা হয়েছে, এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বুধবার সকাল থেকে বিধায়কের বক্তব্য বিকৃত করে জনপ্রিয় টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই কাজের নেপথ্যে বিজেপি আইটি সেলের কারসাজিই দেখছেন বরানগরের তারকা বিধায়ক।
ঠিক কী ঘটেছে? মঙ্গলবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের ডাকে বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর প্রসঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে ৩৫ হাজারের বেশি ভোটে জয়লাভের টার্গেট বেঁধে দেন বরানগরের তৃণমূল বিধায়ক। সায়ন্তিকা বলেন, “নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, গত লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ফলাফল কিন্তু খুব ভালো হয়নি। আগে যখন আমরা ৩৫হাজার ভোটে জিততে পেরেছি, আগামীতেও পারব। কারণ, আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়ী করার নির্বাচন।” কিন্তু বুধবার সকাল থেকে দেখা যায় বিধায়কের বক্তব্য বিকৃত হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তৃণমূলের কর্মী-সমর্থকরা সমাজমাধ্যমে এর প্রতিবাদে সরব হন। বিধায়ক নিজেও সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই মানসিকতার মানুষগুলোই হয়তো উত্তরপ্রদেশের উন্নাও, হাথরস ঘটিয়েছে। এরপরেই কুরুচিকর এই পোস্ট নিয়ে অভিযোগ জানাতে থানায় যান অভিনেত্রী বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় জানান, “বিজেপি কখনও মহিলাদের সম্পর্কে কুরুচিকর আচরণ, মন্তব্য করে না। আমরা এর বিরুদ্ধে। তাই এক্ষেত্রে বিজেপির আইটি সেলের নাম জড়ানো ভিত্তিহীন।”





