গাছের ডাল থেকে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় ঝুলছে একটি কাটা মাথা! এমনই হাড় হিম করা দৃশ্য দেখে শিউরে উঠেছেন উত্তরপ্রদেশের বারাণসীর কোটা গ্রাম পঞ্চায়েতের পাতগোড়ি তোলা গ্রাম এলাকার মানুষ। বারাণসী-শক্তিনগর রাজ্য সড়ক থেকে তিন কিলোমিটার দূরে একটি জঙ্গলে ঘটনাটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডাকা হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। কাটা মাথা এবং দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে স্থানীয় কয়েক জন একটি গাছে কিছু একটা ঝুলতে দেখেন। কৌতূহলবশত কাছে যেতেই তাঁরা ভয়ে চিৎকার করে পালিয়ে আসেন। তার পর আশপাশের লোকজনকে খবর দেন। তাদের দাবি, ঘটনাস্থলের কাছেই পোশাক এবং দেহের কিছু অংশ ছড়িয়ে পড়ে ছিল।
চোপান থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অখিলেশ কুমার মিশ্র জানিয়েছেন, স্থানীয় কয়েক জনের কাছে থেকে এই ভয়ঙ্কর ঘটনার পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেই দেহাংশ উদ্ধার করা হয়। আশপাশের এলাকায় খোঁজখবর করা হয় সম্প্রতি কেউ নিখোঁজ হয়েছেন কি না। তখন রবি নামে এক যুবক ঘটনাস্থলে গিয়ে ওই কাটা মাথা দেখে তাঁর ভাই মঙ্গল প্রসাদের বলে শনাক্ত করেন (১৬)। জাওয়ারি দন্ড কোটার বাসিন্দা মঙ্গলের বয়স ১৬। গত ১৯ জানুয়ারি নিখোঁজ হয়ে গিয়েছিল মঙ্গল। তাঁর পরিবারের দাবি, ওই দিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণ। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, চোপান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল মঙ্গলের পরিবার। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, দেহাংশটি ২০-২৫ দিনের পুরনো। কারা মঙ্গলকে এরকম নৃশংস ভাবে মারল, কেনই বা মারল, তা ঘিরে সন্দেহ বাড়ছে। পারিবারিক কোনও শত্রুতা, না কি অন্য কোনও বিষয় রয়েছে, সব তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।





