বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি—সাধারণ যাত্রী থেকে শুরু করে তারকা, নিয়ম সবার জন্য এক। সেই নিয়ম মেনেই বৃহস্পতিবার ভোরে মুম্বই বিমানবন্দরে তল্লাশির মুখে পড়লেন বলিউডের বাদশা শাহরুখ খান। আর সেই মুহূর্তের একটি ভিডিও ঘিরেই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।
এর আগেও ৯/১১ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটক ও তল্লাশির অভিজ্ঞতার কথা বহুবার উঠে এসেছে শাহরুখ খানের প্রসঙ্গে। সম্প্রতি বিসিসিআই সহ-সভাপতি তথা সাংসদ রাজীব শুক্লার সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ নতুন করে আলোচনায় আসে। ঠিক সেই আবহেই ফের বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে ‘আটক’ হলেন কিং খান।
বৃহস্পতিবার ভোরে তাড়াহুড়ো করে বিমানবন্দরে প্রবেশ করছিলেন শাহরুখ। ডেনিম পোশাক, মাথায় টুপি আর চোখে রোদচশমা—এই ছদ্মবেশেই তিনি এগোচ্ছিলেন। পরিচয়পত্র দেখানোর পর নিরাপত্তারক্ষীরা তাঁকে রোদচশমা খুলতে বলেন। নিয়ম মেনেই চলে তল্লাশি।
বিশ্বখ্যাত সুপারস্টার হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্যও বিরক্তি প্রকাশ করেননি শাহরুখ। নিরাপত্তারক্ষীর নির্দেশ মেনে শান্তভাবে চশমা খুলে দেন এবং তল্লাশি শেষ হওয়া পর্যন্ত হাসিমুখে অপেক্ষা করেন। শুধু তাই নয়, যাওয়ার সময় দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষীর পিঠ চাপড়ে ধন্যবাদ জানাতেও ভোলেননি।
এই ভদ্র ও সংযত আচরণেই মুগ্ধ হন বিমানবন্দরের কর্মীরা। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একটাই কথা—“এই কারণেই শাহরুখ শুধু তারকা নন, মানুষের হৃদয়ের বাদশা।” তবে কোথায় যাচ্ছিলেন শাহরুখ, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।




