Header AD
Trending

পরীক্ষাকেন্দ্রে জুতো পরা যাবে না! গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা ঘিরে নতুন নির্দেশিকা SSC-র

গ্রুপ সি (Group-C)ও গ্রুপ ডি (Group-D) শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গেলে আর জুতো পরে কেন্দ্রে ঢোকা যাবে না। এই নতুন নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। তার বদলে পরীক্ষার্থীদের চটি পরেই আসতে হবে। এই নির্দেশ পুরুষ ও মহিলা সব পরীক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে গ্রুপ সি-র লিখিত পরীক্ষা আর গ্রুপ ডি-র পরীক্ষা ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। তার আগে এই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

সাম্প্রতিক সময়ে জুতোর ভেতরে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের একাধিক অভিযোগ সামনে এসেছে। পরীক্ষা কেন্দ্রে এই ধরনের জালিয়াতি বা পরীক্ষায় নকল রুখতেই কমিশনের এই কড়া পদক্ষেপ।

উল্লেখ্য, এবার থেকে পরীক্ষায় জুতোর পাশাপাশি কোনও ধরনের গয়না বা মোবাইল ফোন নিয়েও পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কমিশন। এমনকি হাতে ঘড়ি পরাও নিষিদ্ধ। পরীক্ষার্থীদের জলভর্তি বোতল ও পেন স্বচ্ছ হতে হবে সে কথাও স্পষ্ট করা হয়েছে। এই প্রসঙ্গে এসএসসি-র তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা। সে দিকে লক্ষ রেখেই গয়না ও জুতো পরা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। নিষেধ করা জিনিস নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।

প্রসঙ্গত, ১ ও ৮ মার্চের পরীক্ষার জন্য ইতিমধ্যেই পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন। এবার গ্রুপ সি ও ডি মিলিয়ে মোট ৮৪৭৮টি শূন্যপদ পূরণ করা হবে। প্রায় ১৭ লক্ষ প্রার্থী এবার এই দুই গ্রুপের লিখিত পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।