সাতসকালে বরানগরে ট্রাম ডিপোয় কর্মরত এক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন ওই ব্যক্তি। তবে গুলির বারুদের আঘাতে আহত হয়েছেন তিনি। অভিযুক্তরা পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। পুরনো কোনও শত্রুতার জেরে এই কাণ্ড, নাকি অন্য কারণ রয়েছে সব দিক বিবেচনা করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার। তিনি বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকার বাসিন্দা। পেশায় ট্রাম ডিপোর কর্মী। শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ বিকাশবাবু নর্দান পার্কে বাড়ির আবর্জনা ফেলতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বিকাশবাবু রাস্তায় পড়ে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির বারুদে আহত হয়েছেন তিনি।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এখানে এই রকম ঘটনা আগে কোনও দিন ঘটেনি। সকালে ময়লা ফেলতে গিয়েছিল বিকাশ, সেই সময় গুলি চলে। জানা যায়, বাইকে আসা দুই যুবক গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। ওদের মাথায় হেলমেট ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





