Header AD

সিঁথিতে বাড়ির সামনে অটো রাখাকে কেন্দ্র করে চলল গুলি, আটক অভিযুক্ত

শীতের রাতে খাস কলকাতায় ফের চলল গুলি! বাড়ির সামনে অটো পার্কিং করা নিয়ে বচসার জেরে শূন্যে গুলি চালায় এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সিঁথির সেভেন ট্যাঙ্কের রামকৃষ্ণ শেঠ লেনে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিঁথি থানার উচ্চপদস্থ আধিকারিকরা । ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে  জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিঁথি থানার পুলিশ। কীভাবে ঘটলো এই ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে, অভিযুক্ত ওই ব্যক্তি ভয় দেখাতেই লাইসেন্স থাকা বন্দুক থেকে গুলি ছুঁড়ে ছিলেন বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পুলিশের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তির বয়স ৭৮ বছর। তাঁর বন্দুকের লাইসেন্সও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১ টা নাগাদ অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ির সামনে একটি অটো রাখা নিয়ে শুরু হয় বচসা । অটোর চালককে অটো সরাতে বলেন ওই ব্যক্তি। তা নিয়েই দুজনের মধ্যে  বাঁধে তুমুল বিবাদ। এরপর বচসা চলাকালীনই অভিযুক্ত ওই ব্যক্তি বাড়িতে রাখা বন্দুক থেকে শূন্যে এক রাউন্ড গুলি চালান। গুলির শব্দে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। ভয় পেয়ে যান স্থানীয় মানুষজন।