Header AD
Trending

হাওড়ায় শুটআউট! ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’থেকে গুলি চালিয়ে খুন প্রোমোটার

কলকাতার পর এবার হাওড়ায় শুটআউট! কাকভোরে গুলির শব্দে এলাকায় চাঞ্চল্য। ব্যস্ত রাস্তায় এক প্রোমোটারকে খুব কাছ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনার দৃশ্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটারির টাকার লেনদেনকে ঘিরে বিবাদের জেরেই এই খুন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃত যুবকের নাম শফিক খান, বয়স আনুমানিক ২৭ বছর। রমজান মাস চলায় ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায় ওঁত পেতে থাকা হারুন ও রোহিত নামে দুই দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে। এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই শিউরে ওঠা মুহূর্ত, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে শফিকের সঙ্গে কথা বলছিল দুই যুবক। আশেপাশে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। কথোপকথনের মাঝেই হঠাৎ করে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র বের করে শফিককে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় গোলাবাড়ি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে এই খুন, তা নিয়ে এখনও স্পষ্ট নয়।

স্থানীয়দের দাবি, শফিক এলাকায় প্রোমোটারির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রোমোটারি সংক্রান্ত কোনও বিবাদ ও টাকা পয়সা নিয়ে ঝামেলার জন্য খুন করা হয়েছে শফিককে। শফিকের ভাই জাহিদ খান অভিযোগ করে বলেন, হারুন খান ও রোহিত নামে এলাকার দুই জেল ফেরত দুষ্কৃতী দাদাকে গুলি করে খুন করেছে। অপরাধীদের কড়া শাস্তির দাবি করেছে মৃতের পরিবার।