Header AD
Trending

শ্যুটিংয়ে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর! নাচতে গিয়ে আঙুল ভাঙলেন অভিনেত্রী

সময়টা ভালো যাচ্ছে না বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। মহারাষ্ট্রের কিংবদন্তী কৌতুক শিল্পী বীথাবাঈ নারায়ণগাঁওকারের বায়োপিক ‘এথা’র শুটিংয়ে এখন ব্যস্ত অভিনেত্রী। বীথাবাঈয়ের চরিত্র রপ্ত করতে কয়েকমাস ধরে মাথার ঘাম পায়ে ফেলছেন শ্রদ্ধা। সেই ছবির সেটেই নাচ প্র্যাকটিস  করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেলেন নায়িকা। অপরদিকে ২৫২ কোটির মাদক মামলায় ডাক পড়েছে শ্রদ্ধার ভাইয়ের। এমন অবস্থায় আহত হলেন অভিনেত্রীও।

বলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিচালক লক্ষ্মণ উতেকর গত সপ্তাহে ‘এথা’র শ্যুটিং শুরু করেছিলেন। কয়েকদিন শ্যুটিং চলার পরই ঘটল বিপত্তি। নারায়ণগাঁওকারের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’ স্টাইলে নাচ প্র্যাকটিস করছিলেন শ্রদ্ধা। আচমকা শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে পড়ে গিয়ে বাঁ পায়ের আঙুল ভেঙে যায় তাঁর।

‘লাবণী’ নৃত্যশৈলীতে ছন্দের সঙ্গে অত্যন্ত দ্রুতগতিতে নাচতে হয়। অজয়-অতুলের সুর করা গানে শ্রদ্ধাও সেটে সেই ডান্সস্টেপ প্র্যাকটিস করছিলেন। সেই সময় শ্রদ্ধার পরনে ছিল ভারী কাজের নওভারী শাড়ি, গা ভর্তি ভারী গয়না এবং এক বিশাল আকৃতির কোমরবন্ধ। সেসব নিয়েই ঢোলের তালে নাচতে হচ্ছিল অভিনেত্রীকে।

প্রসঙ্গত, বীথাবাঈয়ের চরিত্রের জন্য চেহারার গড়নেও বদল আনতে হয়েছে শ্রদ্ধাকে। প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। একপায়ে ভর করে ‘লাবণী’ নৃত্যশৈলী প্র্যাকটিস করছিলেন শ্রদ্ধা। এতেই ঘটে বিপত্তি। তড়িঘড়ি শ্যুটিং বন্ধ করে দিতে বাধ্য হন পরিচালক।