Header AD

SIR আতঙ্ক তৈরি করেছে নির্বাচন কমিশন! মৃত্যু মিছিলের দায় জ্ঞানেশ কুমারের, তোপ তৃণমূলের

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের আক্রমণ শানাল রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের (TMC) সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই চন্দ্রিমা বলেন, “এসআইআর আতঙ্ক কারা তৈরি করছে? এতবার করে নাগরিকরা ভোট দিয়েছেন এরপর এখন আবার তাঁরা যে এখানকার নাগরিক তাঁদের আবার প্রমাণ দিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে নির্বাচন কমিশন নাগরিকত্বের পরিচয় নেওয়ার কোনও লোক নয়। কিন্তু তাকে তথ্য দেখাতে হবে, ডাকলে যেতে হবে এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের।”

এরপরই নির্বাচন কমিশনে আক্রমণ করে জয়প্রকাশ মজুমদার বলেন,” নির্বাচন কমিশন এখন ভিলেনে পরিণত হচ্ছে। অপরিকল্পিত এবং প্রস্তুতিহীন SIR প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কাকে কখন ডাকবে, চিঠি দিয়ে ডাকবে, সেই চিঠি কখন পৌঁছবে? এ নিয়ে মানুষ আতঙ্কে রয়েছেন। শোনা গেল, দুই ছেলেকে নোটিশ পাঠানো হয়েছিল সেই চিন্তায় আরও একজন মারা গিয়েছেন। এই মৃত্যু মিছিলও চলছে। এখন ব্যাপারটা এরকম যে, সো যা নেহিতো ইসিআই আ জায়গা। আমরা কোনও দিনও চাইনি ইলেকশন কমিশন মানুষের কাছে ত্রাস হয়ে উঠুক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে যাতে বৈধ ভোটারের নাম না বাদ দিতে পারে নির্বাচন কমিশন।”