Header AD

SIR আবহে মঙ্গলে বাঁকুড়ায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী বার্তা দেবেন?

রাজ্যজুড়ে চলেছে SIR শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বয়স্ক, অসুস্থ, অন্তঃসত্ত্বাদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এর ফলের প্রবল হয়রানির শিকার হচ্ছেন সাধারন মানুষ। এই শুনানি যে আসলে নির্বাচন কমিশনের বিশেষ অভিসন্ধি সে বিষয়ে একাধিকবার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল। এই আবহেই মঙ্গলবার বাঁকুড়া জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ১২টা নাগাদ বড়জোড়ার বীরসিংহ ময়দানে তাঁর জনসভা। এই সভা থেকে এসআইআর পদ্ধতির বিরোধিতার পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে দলীয় কর্মী থেকে সাধারন মানুষকে কী বার্তা দেন সেদিকে নজর সকলের।

এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। বড়জোড়ার বীরসিংহ ময়দানে তৈরি হয়েছে সভামঞ্চ। তার দৈর্ঘ্য প্রায় ১২০ ফুট, প্রস্থ ৬০ ফুট। সামনে আলাদা ভিআইপি করিডর ও মিডিয়া গ্যালারি রাখা হয়েছে। বড়জোড়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা এলাকা, খনি সংলগ্ন বসতি এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান সীমান্তবর্তী অঞ্চল থেকে মানুষ আনতে একাধিক রুটে পরিবহণের ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বড়জোড়ায় সভার মাধ্যমে তৃণমূল মূলত তিন-চারটি বার্তা দিতে চাইছে। SIR আবহে ‘হয়রান’ জনতার পাশে থাকা, শিল্প ও কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের অবস্থান তুলে ধরা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক এবং শ্রমিক-মধ্যবিত্ত ভোটব্যাঙ্ককে আবার সংগঠনের ছাতার তলায় আনা।