Header AD

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, ধৃত ছয় বাংলাদেশি

ফের সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করল ৬ জন বাংলাদেশি। বুধবার গভীর রাতে ডোমকল থানার ভাতশালা ও রানিনগরের হারুডাঙা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। বাংলাদেশি সিম-সহ দুটি মোবাইল ফোন তাঁদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।  ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় মুর্শিদাবাদ ডোমকল থানার পুলিশ। সেই সময় ভাতশালা মোড় থেকে আকাশ শেখ , রবি শেখ ওরফে সৌন শেখ  নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত দুজনের বাড়ি বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জ এলাকায়। অন্যদিকে রানিনগর থানার পুলিশ সীমান্ত গ্রাম হারুডাঙায় অভিযান চালিয়ে মহম্মদ তরিকুল ইসলাম, মহম্মদ জসিমউদ্দিন , মহম্মদ নুর ইসলাম ও মহম্মদ রবিউল ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করে। খবর, এদের বাড়িও বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সাহারাগাছি গ্রামে।

পুলিশ সূত্রে খবর ,কোনও বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে ধৃত বাংলাদেশিরা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা কাজের খোঁজে ভারতে এসেছিলেন। অবৈধভাবে অনুপ্রবেশের ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি, তারা কীভাবে ভারতে অনুপ্রবেশ করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।