Header AD

দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে থাকার ব্যবস্থার আশ্বাস সোনু সুদের

করোনা মহামারির সময় কিংবা পাঞ্জাবে বন্যার সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সকলের মন জিতে নিয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। আবারও মানবিক উদ্যোগে এগিয়ে এলেন তিনি। যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের সাহায্যের আশ্বাস দিলেন অভিনেতা। একটি ভিডিও বার্তায় সোনু জানিয়েছেন, যারা সেখানে আটকে পড়েছেন তাঁদের জন্য তাঁর তরফে বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, বিপদে পড়া পর্যটক যে দেশেরই বাসিন্দা হোন না কেন, মানবিকতার খাতিরে সকলকেই সহযোগিতা করা হবে। তবে সেই জন্য সমস্যার কথা সরাসরি অভিনেতার কাছে পৌঁছে দিতে হবে বলেও বার্তায় জানিয়েছেন তিনি।

দীর্ঘদিনের উত্তেজনার পর গত শনিবার ইরানের মাটিতে বড়সড় হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইসহ শীর্ষ আধিকারিকদের। পাশাপাশি হামলায় প্রাণ হারিয়েছেন বহু সাধারণ নাগরিকও। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়েছেন বহু পর্যটক ও যাত্রী। রয়েছেন বেশ কয়েকজন অভিনেত্রীও। এদিনের ভিডিও বার্তায় সকলের পাশে থাকার আশ্বাস দিলেন সোনু। তিনি বলেন, আমাদের হিন্দুস্তানি ভাইরা, বা যে দেশের নাগরিকরাই দুবাইয়ে আটকে পড়েছেন তাঁরা দয়া করে আমাকে মেসেজ করুন। আমি আপনাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করব যতক্ষণ না বাড়ি ফিরতে পারছেন। এই উদ্যোগের মাধ্যমে আরও একবার সাধারণ মানুষের মন জিতে নিলেন সোনু।