Header AD

ধরনামঞ্চে ক্রীড়াবিদ সুপ্রিয়া দাস ঘোষ, উত্তরবঙ্গের সফল অ্যাথলিটকে পুলিশের চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ধর্মতলার ধরনা মঞ্চেও মানবিকতার নজির রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকা উত্তরবঙ্গের সফল অ্যাথলিট সুপ্রিয়া দাস ঘোষকে (Supriya Das Ghosh) পুলিশের চাকরির ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এসআইআর ইস্যুতে চলা এই ধরনা মঞ্চে শুধু রাজনৈতিক নেতা-মন্ত্রীরাই নন, ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন। সোমবার ধরনার চতুর্থ দিনে সভা শুরুর আগে মঞ্চে উপস্থিত হন মালদার বাসিন্দা সুপ্রিয়া দাস ঘোষ। সম্প্রতি থাইল্যান্ড থেকে পদক জিতে সরাসরি ধর্মতলায় ধরনা মঞ্চে আসেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সাফল্য রয়েছে সুপ্রিয়ার ঝুলিতে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫ ও ১৫ হাজার মিটার দৌড়ে সোনার পদক জিতেছেন তিনি। তাঁর এই সাফল্যের কথা শুনে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই তাঁকে পুলিশের চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে তিনি ফোনে কথা বলেন পীযুষ পাণ্ডের (Piyush Pandey)  সঙ্গে। তিনি বলেন, “দেশের জন্য যিনি এত সাফল্য এনে দিয়েছেন, তাঁর জন্য সরকারেরও কিছু করা দায়িত্ব।“

নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে সুপ্রিয়া জানান, ছোটবেলা থেকেই দেশের হয়ে পদক জেতার স্বপ্ন ছিল তাঁর। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় অনেক বাধার মুখে পড়তে হয়েছে, তবুও তিনি হাল ছাড়েননি। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সোনা জয়ের পর এবার তাঁর লক্ষ্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পদক জেতা। মুখ্যমন্ত্রী জানান, এর আগেও বহু ক্রীড়াবিদকে চাকরির সুযোগ দেওয়া হয়েছে। সুপ্রিয়ার ক্ষেত্রেও পুলিশের চাকরির ব্যবস্থা করতে তিনি ডিজির সঙ্গে কথা বলবেন।