Header AD

ফ্লাইট ওঠানামায় সমস্যা দূরিকরণে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম বসছে দমদম বিমানবন্দরে

প্রবল কুয়াশায় শীতকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ওঠানামার ক্ষেত্রে দেখা যায় সমস্যা। প্রায় প্রতি শীতের মরশুমে দমদম বিমানবন্দরে এটা চেনা ছবি। এবার সেই সমস্যা সমাধানের জন্য অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম চালুর কাজ শুরু হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।

দুটি রানওয়ে আছে দমদম বিমানবন্দরে। মধ্যমগ্রাম ও নিউটাউন দুই দিক থেকেই বিমান ওঠানামা করে। শীতকালে বিমানবন্দর চত্বরে প্রবল কুয়াশা দেখা যায়। যার জেরে শীতের রাত ও ভোরে কুয়াশায় কার্যত ঢাকা পড়ে যায় রানওয়ে। ফলে বিমান ওঠানামাতে অনেক সময় সমস্যা দেখা যায়। ল্যান্ডিংয়ের সময়ে রানওয়ে ঠিকভাবে দেখতে না পেয়ে বিমান নামতে পারে না। বাধ্য হয় অন্য বিমানবন্দরে যেতে। কুয়াশার কারণে বিমান অনেক সময় সকালে উড়তেও সমস্যা হয়। বাতিলও করতে হয় বেশ কিছু উড়ান।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যখন দৃশ্যমানতা ৮০০ মিটার ও ক্লাউড সিলিং ২০০ ফুটের নিচে নেমে যায়, তখন বিমান ওঠানামায় প্রবল সমস্যা দেখা যায়। বিমান চলাচলের ভাষায় একে বলে ‘লো ভিজিবিলিটি’। এবার সেই সমস্যা মোকাবিলায় নতুন পদক্ষেপ গ্রহণ করল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নর্থ-এন্ড রানওয়েতে অত্যাধুনিক টেকনিক্যাল অ্যাড সিস্টেম বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। এই  সিস্টেম চালু হয়ে গেলে দৃশ্যমানতা ৮০০ মিটারের নীচে থাকলেও মধ্যমগ্রাম, নিউটাউন দুই দিক থেকেই রানওয়েতে বিমান সহজেই ওঠানামা করতে পারবে। ফলে দুর্ভোগ কমবে যাত্রীদের।