Header AD

ভেঙে পড়ল প্রশিক্ষণরত সুখোই-৩০ যুদ্ধবিমান, শহিদ দুই বায়ুসেনা আধিকারিক

প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ যুদ্ধবিমান (Sukhoi 30 Fighter Jet)। বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জোড়হাট এয়ারবেস থেকে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সকালে বায়ুসেনা জানায়, বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে পড়েছে এবং এতে দুই বায়ুসেনা আধিকারিক শহিদ হয়েছেন।

বায়ুসেনার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়হাট এয়ারবেস থেকে প্রশিক্ষণ উড়ানে বেরিয়েছিল সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানটি। রাত ৭টা ৪২ মিনিটের পর থেকে বিমানটির সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খবর পাওয়া যায়, জোড়হাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর শহিদ হয়েছেন। ভারতীয় বায়ুসেনা তাদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, সুখোই-৩০ একটি অত্যন্ত শক্তিশালী দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান, যাতে দুইজন পাইলট বসার ব্যবস্থা রয়েছে। রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে অত্যন্ত নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম। শক্তিশালী র‍্যাডার ও আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত এই বিমান ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলসহ রুদ্রম-৩ ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। শব্দের গতির থেকে দ্বিগুণ বেগে উড়তে সক্ষম এই যুদ্ধবিমানটি ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়। তবে অতীতেও একাধিকবার সুখোই-৩০ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। অসমেও এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। এই ঘটনার পর দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।