Header AD

তামিলনাড়ুতে বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

দক্ষিণী অভিনেতা এবং রাজনীতিবিদ বিজয় থালাপতির সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে তিন সসদ্যের কমিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিজয়ের দল, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশ হয় তামিলনাড়ুর কারুরে। সেখানেই পদপিষ্ট হয়ে নারী ও শিশু সহ ৪১ জনের মৃত্যু হয়। প্রায় ৬০ জন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই টিভিকে-র আবেদনের ভিত্তিতে এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

একইসঙ্গে এই ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের নির্দেশেরও সমালোচনা করেছে দেশের শীর্ষ আদালতে। মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে শুধুমাত্র রাজ্য পুলিশ অফিসারদের নিয়ে একটি এসআইটি গঠন করা হয়েছিল। পাশাপাশি টিভিকে এবং বিজয়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা নাগরিকদের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, গোটা জাতিকে নাড়া দিয়েছে এই ঘটনা। এরপরেই সুপ্রিম কোর্ট সিবিআই-কে তদন্ত হস্তান্তর করে। তদন্তের তদারকি করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় ​​রাস্তোগীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিকেও নিযুক্ত করা হয়েছে।

এই কমিটি পদপিষ্টের ঘটনার সঙ্গে জড়িত সকল বিষয়ে তদন্ত করতে পারে। এছাড়া সিবিআইকে প্রতি মাসে তদন্তের অগ্রগতির বিষয় আদালতে জমা করতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট মাদ্রাজ হাইকোর্টের (চেন্নাই বেঞ্চ)-এর ধ্যান ধারণা নিয়ে সমালোচনা করেছে। কেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্তের আবেদন খারিজ করে সিট গঠন এবং SOP তৈরি করার নির্দেশ দিয়েছেন এই নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।