Header AD

মাঘেই উর্ধ্বমুখী তাপমাত্রা! কলকাতায় শীতের দাপট কমছে, সরস্বতীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

মাঘ মাস শুরু হতে না হতেই দক্ষিণবঙ্গে শীত যেন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে একটানা তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে, সরস্বতীপুজোর দিনে নতুন করে তাপমাত্রা খুব একটা না বাড়লেও জাঁকিয়ে শীতের অনুভূতিও থাকবে না।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার ভোরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪.২ ডিগ্রিতে—স্বাভাবিকের থেকে সামান্য কম। দিনের বেলাতেও উষ্ণতা বাড়ছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি, মঙ্গলবার তা ছিল ২৬ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

এদিকে রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তবে ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।