Header AD
Trending

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, মার্কিন ঘাঁটি ও ইজরায়েলে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। জ্বালানি সংকটে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং বুধবার মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালানোর দাবি করেছে ইরান। খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায় নতুন করে হামলা চালিয়েছে তেহরান। দুবাই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার ঘটনায় এক ভারতীয়সহ চারজন আহত হয়েছেন। এছাড়া বাহরিনেও বিস্ফোরণের খবর মিলেছে, যেখানে বিস্ফোরণের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এদিকে ইজরায়েলের দিকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত সেখানে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। হরমুজ প্রণালীতেও একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে খবর। এর আগে মঙ্গলবার রাতে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত আমেরিকা।

এর পরেই ইরানের একাধিক ব্যাঙ্কে সাইবার হামলার ঘটনা ঘটে। তেহরান অভিযোগ করেছে, তাদের অর্থনীতিকে লক্ষ্য করেই আমেরিকা ও ইজরায়েল এই পদক্ষেপ নিয়েছে। পালটা বিবৃতিতে ইরান জানিয়েছে, এবার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন অর্থনৈতিক কেন্দ্র, ব্যাঙ্ক এবং প্রযুক্তি সংস্থাগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

অন্যদিকে লেবাননেও উত্তেজনা বেড়েছে। সেখানে ইজরায়েলের হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে।