Header AD
Trending

ফিলিপিন্সে ভয়াবহ ফেরি দুর্ঘটনা, ১৫ জনের মৃত্যু, উদ্ধার ৩১৬

ফিলিপিন্সে সপ্তাহের শুরুতেই ঘটে গেল এক মর্মান্তিক ফেরি দুর্ঘটনা। সোমবার ভোরে দক্ষিণ ফিলিপিন্সে যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ফেরিটিতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, এম/ভি ত্রিশা কার্স্টিন৩ নামের ফেরিটি ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য নিয়ে বন্দর শহর জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের দক্ষিণ জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল। মধ্যরাতের পর আচমকাই যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি ডুবে যায়। ঘটনাস্থল ছিল বাসিলান প্রদেশের বালুক-বালুক দ্বীপ গ্রামের কাছাকাছি।

কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া জানান, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিকই ছিল। ফেরিটিতে থাকা এক কোস্টগার্ড সদস্যই প্রথম বিপদের বার্তা পাঠান। খবর পেয়ে দ্রুত কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

বাসিলান প্রদেশের গভর্নর মুজিব হাতামান জানান, উদ্ধার হওয়া যাত্রীদের পাশাপাশি মৃতদেহগুলো প্রদেশের রাজধানী ইসাবেলাতে নিয়ে যাওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনী নিশ্চিত করেছে, এখনও পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফেরি ডুবে যাওয়ার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে। রোমেল দুয়া আরও দাবি করেন, যাত্রা শুরুর আগে ফেরিটি পরীক্ষা করা হয়েছিল এবং অতিরিক্ত যাত্রী বহনের কোনও প্রমাণ মেলেনি।

উল্লেখ্য, ফিলিপিন্সে নৌকাডুবির ঘটনা নতুন নয়। ঘনঘন ঝড়, জাহাজের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী বোঝাই করার প্রবণতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। অতীতে, ১৯৮৭ সালে ডোনা পাজ ফেরি দুর্ঘটনায় চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা বিশ্বের অন্যতম ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় হিসেবে পরিচিত।