Header AD

গোবরডাঙা স্টেশনের পাশে ভয়াবহ আগুন! অফিস টাইমে শিয়ালদহ–বনগাঁ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজার এলাকায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের লাগোয়া একটি হোটেলে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, হোটেলে রাখা গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটতে পারে।ঘিঞ্জি বাজার এলাকায় আগুন লাগায় পরিস্থিতি দ্রুতই ভয়াবহ হয়ে ওঠে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোবরডাঙা স্টেশনের প্ল্যাটফর্ম এবং আশপাশের এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল প্রায় ৭টা নাগাদ হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই তিন থেকে চারটি দোকান পুড়ে যায়। দোকান বাঁচাতে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত মালপত্র বের করে রেললাইনের ওপর ফেলতে শুরু করেন। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল এসে পরিস্থিতি সামাল দেওয়ার কাজে নামে।এই ঘটনার জেরে শিয়ালদহ–বনগাঁ শাখায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। অফিস টাইম হওয়ায় নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ে।

আপাতত পাশের প্ল্যাটফর্ম দিয়ে ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে রেল সূত্রে জানা গেছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।