Header AD

বাজেটের ধাক্কায় দালাল স্ট্রিটে তীব্র কম্পন, এক দিনে দেড় হাজারের বেশি পয়েন্ট পড়ল সেনসেক্স

টানা কয়েক দিন ধরেই চাপে শেয়ার বাজার। বাজেট ঘোষণার দিনে সেই চাপ আরও বেড়ে গেল। বাজেটের পর বাজারে স্বস্তি ফিরবে—এই আশায় রবিবারও নজর ছিল দালাল স্ট্রিটের দিকে। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ভাষণ শেষ হতেই ভয়াবহ পতনের মুখে পড়ে শেয়ার বাজার। এক সময় সেনসেক্স প্রায় ১৬০০ পয়েন্ট পর্যন্ত নেমে যায়, সঙ্গে বড় ধস নামে নিফটিতেও।

বাজেটে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বৃদ্ধির ঘোষণাই বাজারের মনোভাব বদলে দেয়। এতদিন ০.০২ শতাংশ হারে থাকা STT বাড়িয়ে ০.০৫ শতাংশ করা হয়েছে, যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি। স্টক কেনাবেচা থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড—বিনিয়োগের নানা ক্ষেত্রেই এই কর প্রযোজ্য। ফলে বিনিয়োগের খরচ বাড়বে, এমন আশঙ্কায় লগ্নিকারীরা শেয়ার বিক্রিতে ঝুঁকেছেন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

বাজেট ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ১৬০০ পয়েন্ট পড়ে যায়, নিফটিও হারায় প্রায় ৪৮০ পয়েন্ট। দিনের মাঝামাঝি সময় কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। এক পর্যায়ে সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট ফিরে পেলেও দিনের শেষে সেই লাভও ধরে রাখা যায়নি।

এর পাশাপাশি ক্যাপিটাল গেইনের উপর বাইব্যাক ট্যাক্স আরোপের ঘোষণাও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিরোধী মহল থেকে এই বাজেটের সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের মতে, মূলধনী খাতে সরকারের ব্যয় অত্যন্ত কম, যা অর্থনীতির জন্য দিশাহীনতার ইঙ্গিত দিচ্ছে।

অনেকে আশা করেছিলেন, প্রবাসী ভারতীয়দের জন্য বিনিয়োগে কিছু ছাড় বাজারকে চাঙ্গা করবে। কিন্তু কর বৃদ্ধির ঘোষণায় সেই আশার জলাঞ্জলি পড়ে যায়। দিনের শেষে ১৫৪৬.৯৪ পয়েন্ট পড়ে সেনসেক্স থিতু হয়েছে ৮০৭২২.৯৪ এ। নিফটি ৪৯৫.২০ পয়েন্ট পড়ে নেমে এসেছে ২৫ হাজারের নীচে। বাজেটের দিনেও তাই দালাল স্ট্রিটে রক্তক্ষরণ থামল না।