Header AD

এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরাসরি মামলা মুখ্যমন্ত্রীর, ভোটের আগে বড় আইনি সংঘাত

এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে সরাসরি আইনি সংঘাতে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দিল্লি পৌঁছেই তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) নির্বাচন কমিশন ও রাজ্যের CEO দপ্তরের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, এই মামলা কোনও দলীয় পরিচয়ে নয়—ব্যক্তিগতভাবে দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে উপস্থিত থাকবেন বলে আগেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার ঠিক আগেই তাঁর নিজস্ব রিট দায়ের হওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে—তবে কি আবারও সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রীকে?

বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, তাড়াহুড়ো করে এসআইআর চালানোর পিছনে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এই প্রক্রিয়ায় একাধিক গাফিলতি ও ত্রুটির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে অন্তত ছ’বার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সব চিঠির কোনও জবাব মেলেনি বলে দাবি নবান্নের।

এই আবহেই রবিবার দিল্লি সফরে যান মুখ্যমন্ত্রী। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। কিন্তু সেই বৈঠকের আগেই কমিশনের বিরুদ্ধে সরাসরি আইনি পথে হাঁটলেন মমতা।

৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক নেতা যে মামলা দায়ের করেছেন, তার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রিট পিটিশনের শুনানিও হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে রাজনৈতিক ও আইনি মহলে প্রশ্ন উঠছে—অনুমতি মিললে কি ফের আদালতে নিজেই মানুষের হয়ে সওয়াল করতে দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রীকে? কারণ, আগেই তিনি জানিয়েছিলেন, প্রয়োজনে নিজেই সুপ্রিম কোর্টে যুক্তি তুলে ধরতে প্রস্তুত তিনি।