Header AD

‘চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম কাটছে কমিশন!’ মমতার অবস্থানের সমর্থনে দিনহাটায় গণঅনশনে উদয়ন গুহ

বাংলার দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই পরিস্থিতিতেই লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ধর্মতলায় ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেত্রীর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবার গণঅনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। সোমবার সকাল থেকেই দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে তাঁর নেতৃত্বে শুরু হয়েছে এই অনশন কর্মসূচি।

উদয়ন গুহের অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। এমনকি অনেক জনপ্রতিনিধির নামও ‘বিচারাধীন’ তালিকায় রেখে মানসিক চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “আমাদের নেত্রী কলকাতায় আন্দোলনে বসেছেন। সেই অবস্থানের সমর্থনেই আমরা এখানে গণঅনশনে বসেছি। বহু মানুষ বছরের পর বছর ভোট দিয়ে আসছেন, অথচ এখন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।” শুধু মন্ত্রীই নন, বিভিন্ন ব্লকের তৃণমূল নেতৃত্ব, কর্মী ও সমর্থকরাও এই অনশনে যোগ দিয়েছেন।

মন্ত্রী আরও দাবি করেন, গোটা প্রক্রিয়াটি অপরিকল্পিতভাবে করা হয়েছে এবং নির্বাচন কমিশন বিজেপির প্রভাবেই কাজ করছে। তাঁর অভিযোগ, ধর্মীয় ভিত্তিতেও ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছিটমহলের বহু বাসিন্দার নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখার বিষয়টিও তুলে ধরে কমিশনের সমালোচনা করেন তিনি।

অন্যদিকে সোমবারই তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। বৈঠকের শুরুতেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আবেদন জানান, যেন একজন বৈধ ভোটারেরও নাম তালিকা থেকে বাদ না পড়ে। তবে বৈঠক থেকে বেরিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চন্দ্রিমা। তাঁর অভিযোগ, কমিশনার তাঁদের বক্তব্য শুনতেই চাননি। তিনি বলেন, “উনি একাই কথা বলে গেলেন। কিছুক্ষণ পর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বললেন, আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন, আর বলার কিছু নেই। সুপ্রিম কোর্টে যাওয়া কি অপরাধ? আমাদের তো সেখানে যাওয়ার অধিকার আছে।” একইসঙ্গে তিনি ফর্ম ৭ সংক্রান্ত তথ্যের গরমিল নিয়েও প্রশ্ন তোলেন।