বুধবার সকালে কাকদ্বীপের কাছে সূর্যনগর জিপির অন্তর্গত একটি গ্রামের মন্দিরে দেবী কালীর একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষতিগ্রস্ত প্রতিমা নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। এমনকী এই ঘটনার সুরাহা না হলে প্রতিমা বিসর্জন দিতেও অস্বীকার করে। দীর্ঘক্ষণ বুঝিয়েও বিক্ষোভকারীদের অবরোধ প্রত্যাহার করতে রাজি করাতে বিফল হয় পুলিশ। শেষপর্যন্ত লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় তারা। এই ঘটনা নিয়ে বিকেলে সমাজমাধ্যমে রাজ্য পুলিশের তরফ থেকে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। তাতে পুলিশ জানিয়েছে, কাকদ্বীপের ঘটনা সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য কিছু মহল থেকে চেষ্টা করা হচ্ছে। দেবী কালীর একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়ার কথা স্বীকার করে ওই পোস্টে পুলিশ জানিয়েছে, “এই দুষ্কর্মের পেছনে কারা রয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভকারীরা ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করায় জনসাধারণের গুরুতর অসুবিধার সৃষ্টি হয়। এমনকী রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও এই অবরোধে আটকে থাকে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তখন জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করে। এরপর প্রতিমা বিসর্জন সহজতর হয়।“





