Header AD

প্রশ্নকর্তা আমজনতা, উত্তর দেবে পুলিশ! বারাসতে অভিনব পডকাস্ট জেলা পুলিশের

নাগরিক সচেতনায় এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে বারাসত পুলিশ। শনিবার বারাসত পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া জানিয়েছেন, প্রতি শুক্রবার বিকেল চারটেয় বারাসত জেলা পুলিশের ফেসবুক পেজে হবে পডকাস্ট। অনুষ্ঠানের নাম ‘জিজ্ঞাসা’। যেখানে প্রশ্নকর্তার আসনে থাকবে আমজনতা। উত্তর দেবেন পুলিশ কর্তারা।

গত ১৪ নভেম্বর শিশুদিবসে পুলিশ সুপার নিজে অতিথি হিসাবে বারাসতের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এক পডকাস্টে। সেখানে আলোচনা হয় নানা বিষয় নিয়ে। যেমন, পকসো, সাইবার বুলিং, অনলাইন গেম, স্ট্রেস ম্যানেজমেন্ট, রোড সেফটি এবং স্মার্ট পুলিশিং বিষয়গুলি নিয়ে। এই সব বিষয়ে পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া থেকে সাইবার সুরক্ষা নিয়ে বোঝান পুলিশ সুপার। ইতিমধ্যেই সেই ভিডিওর ভিউ প্রায় ৫০ হাজার ছুঁইছুঁই। সঙ্গে কয়েকশো শেয়ার ও কমেন্ট। মূলত তাতেই এবার নিয়মিত পডকাস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আগামী শুক্রবার বারাসতের আইসির সঙ্গে ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন পডকাস্টে। তারপরের সপ্তাহে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত পডকাস্টে অংশ নেবেন আইসি সাইবার ক্রাইম। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া আরও জানিয়েছেন , পুলিশ সংক্রান্ত এমন অনেক বিষয় আছে যা সকলের জানা প্রয়োজনীয়। শুধুমাত্র একটি পোস্ট, রিল বা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সচেতন করা সম্ভব না। তাই সামাজিক ইস্যু নিয়ে ছোট ছোট আরও এপিসোড করা হবে বলে জানিয়েছেন তিনি।