Header AD

রাতের জঙ্গল সফরেই মর্মান্তিক দুর্ঘটনা, লাটাগুড়ির কাছে প্রাণ হারালেন দুই তরুণী

রাতের জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করতে বেরিয়েছিলেন একদল বন্ধু। কিন্তু সেই সফরই পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়। ডুয়ার্সের লাটাগুড়ির জঙ্গলপথে মৌলালি সেতুর উপর পথকুকুরকে এড়াতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয় এক ইঞ্জিনিয়ার তরুণী ও তাঁর এক বান্ধবীর। আহত হয়েছেন গাড়ির চালক-সহ আরও চারজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল একটি গাড়ি। মৌলালি সেতুর উপর হঠাৎ একটি পথকুকুর সামনে চলে আসায় সেটিকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জলপাইগুড়ির আনন্দপাড়া এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার পৌলমী বাগচির।

গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী খেয়ালী বর্মন এবং সায়ন সরকার। সায়নের বাড়ি জলপাইগুড়ি শহরের সরকারপাড়ায়। দুর্ঘটনায় চালক-সহ মোট পাঁচজন আহত হন। খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা পৌলমী বাগচি ও খেয়ালী বর্মনকে মৃত বলে ঘোষণা করেন।

জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির জঙ্গলের রাস্তা গাড়িতে যেতে প্রায় আধঘণ্টা সময় লাগে। রাতের জঙ্গলপথের অভিজ্ঞতা নিতে অনেকেই সেখানে যান। তবে স্থানীয়দের মতে, অনেক সময় রাতের বেলায় গাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় যাতায়াতের ঘটনাও ঘটে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। এই ঘটনায়ও সেই ধরনের কোনও কারণ জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।