Header AD

দিওয়ালির শেষ রাতে মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনা, আগুনে ঝলসে এক শিশুসহ মৃত ৪

দিওয়ালির রাতে নবি মুম্বইয়ে ঘটল এক‌ মর্মান্তিক দুর্ঘটনা। গভীর রাতে বহুতলে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল চারজনের।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত একটা নাগাদ মহারাষ্ট্রের নভি মুম্বই টাউনশিপের ভাসি এলাকায় অবস্থিত একটি বহুতল আবাসনে। গভীর রাতে হঠাৎ আগুন লাগে আবাসনে। আবাসনের বেশিরভাগ বাসিন্দাই তখন ঘুমিয়ে ছিলেন। আগুন নিমেষে ছড়িয়ে যায় অনেকটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। পুলিশবাহিনী সহ ৪০ জন দমকলকর্মী দ্রুত এলাকায় যান। অনেকক্ষণ চেষ্টার পর মঙ্গলবার ভোর চারটে নাগাদ আগুন নেভানো সম্ভব হয়। তবে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং আহত হয়েছেন ১০ জন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে দুজন মহিলা, একজন পুরুষ ও একটি ছয় বছরের শিশু কন্যা রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ভাসি এলাকায় সেক্টর ১৪ এ অবস্থিত এমজিএম কমপ্লেক্সের রাহে যাক প্রেসিডেন্সিতে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাত সাড়ে বারোটা নাগাদ ১০ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আধ ঘণ্টার মধ্যে সেই আগুন ১১ ও ১২ তলায় ছড়িয়ে পড়ে। কীভাবে এই আগুন লাগল তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।