Header AD
Trending

সিটং-এ মর্মান্তিক পথ দুর্ঘটনা! গাড়ি খাদে পড়ে মৃত ৩, গুরুতর আহত চালক

মর্মান্তিক পথ দুর্ঘটনা সিটং-এ। রবিবার গভীর রাতে কার্শিয়াং থেকে সিটং যাওয়ার পথে  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গভীর রাতে এই ঘটনা ঘটায় কেউ আঁচ পায়নি। তবে সোমবার সকালে বিষয়টি সবার প্রকাশ্যে আসে ও তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ইতিমধ্যেই দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কার্শিয়াং পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম বিগেন ভুজেল, রূপেশ গুরুং এবং রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল সিটংয়ের পঞ্চায়েত সদস্য ছিলেন। সূত্রের খবর, মধ্য রাতে গাড়িটি কার্শিয়াং থেকে সিটং যাচ্ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যার কারণে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় সেটি। গাড়িতে থাকা তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হলেও কোনওক্রমে বেঁচে যান গাড়ির চালক।  গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করা হয়েছে তাঁকে। সোমবার সকাল নাগাদ এক ব্যক্তি গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। এই ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। যদিও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলেই খাদে পড়ে যায় গাড়ি।