Header AD

‘জন গণ মন’ ইস্যুতে রবীন্দ্রনাথকে পরিকল্পিত ‘অপমান’, বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Thakur) নাকি ইংরেজদের খুশি করতেই একসময় ‘জন গণ মন’ লিখেছিলেন । সম্প্রতি এমনই মন্তব্য করেছেন কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরি। এরই প্রতিবাদে ফুঁসে উঠল তৃণমূল। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু (Bratya Basu)ও শশী পাঁজা (Sashi Panja) বললেন, “বিজেপি কোনওদিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারেন না।” তাঁদের কথায়, বিজেপি তৎকালীন একটি ব্রিটিশ সংবাদপত্রের দাবিকে তুলে ধরে কবিগুরুকে অপমান করছে। যা কোনওভাবেই মেনে নেবে না তৃণমূল।

প্রসঙ্গত, হন্নাভরে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি সম্প্রতি মন্তব্য করেন, দেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল ‘বন্দে মাতরম’। কারণ ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ নাকি ব্রিটিশ আধিকারিকদের স্বাগত জানানোর জন্য লিখেছিলেন কবিগুরু । তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্ক তু্ঙ্গে । প্রতিবাদে সরব হয় কর্ণাটকের শাসকদল কংগ্রেসও।

শুক্রবার তৃণমুল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বলেন , “বিজেপি পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করছে ও কবিগুরুকে অপমান করছে।” এদিন তিনি সাফ বলেন, “পঞ্চম জর্জের আসার সঙ্গে এই গানের কোনও সম্পর্ক নেই। বিজেপি মিথ্যাকে আমাদের খাইয়ে দিতে চাইছে!” ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “পুজোর সময় তো মুখ্যমন্ত্রীর লেখা অনেক গান প্রকাশিত হয়। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধনে কলকাতায় আসেন। তার মানে কি ওনাকে স্বাগত জানাতে গান লিখেছেন মুখ্যমন্ত্রী?” এরপরই ঐতিহাসিক তথ্য দিয়ে ব্রাত্য বুঝিয়ে দেন, কোনও প্রেক্ষিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) “জন-গণ-মন” রচনা করেছিলেন এবং কোন সময় সেটি প্রথম গাওয়া হয়। এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা ও বিশ্বেশ্বর কাগেরির পদত্যাগ দাবি করেন শশী পাঁজা। এরপরই শশী পাঁজা বিজেপিকে কটাক্ষ করে বলেন, রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore) অপমান মানে বাংলা ও বাঙালিকে এই অপমান। এর জন্য বঙ্গ বিজেপি নেতৃত্ব ক্ষমা চাইবেন কি?

এদিন ব্রাত্য আরও বলেন, “বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে, এটা বিজেপির কৌশল। রবীন্দ্রনাথকে ছোট প্রমাণ করার চেষ্টা হচ্ছে। বাঙালি এটা মানবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।” প্রসঙ্গত, কবিগুরু নিজেই জানিয়েছিলেন তাঁর এই গান লেখার সঙ্গে ব্রিটিশদের কোনও যোগ ছিল না।