বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনে (SIRinBengal) অসঙ্গতি ও নাম বাদের চক্রান্তের অভিযোগ তুলে ফের সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২টো থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা অবস্থানে বসবেন দলনেত্রী। বৃহস্পতিবার এই কর্মসূচির পোস্টার লঞ্চ করেছে তৃণমূল। ‘নাগরিকদের ভোটাধিকার এই আমাদের অঙ্গীকার’ শীর্ষক এই পোস্টার প্রকাশ করে বাংলার মানুষের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। কমিশনের কাঁধে বন্দুক রেখে বিজেপির গণতন্ত্র হত্যার চেষ্টা ও সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। মেট্রো চ্যানেলের এই মঞ্চ থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনের সন্মীলিত চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এস আই আরের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আইনি পথে হাঁটার পাশাপাশি মানুষের দরবারেও পৌঁছতে চান তিনি।

বহু মানুষ এখনও SIR তালিকায় বিচারাধীন। সাধারণ মানুষের স্বার্থে তাঁদের ভোটাধিকারের দাবিতে তাই আর একবার পথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। এই ধরনামঞ্চ থেকেই দলীয় কর্মীদের জন্য তৈরি করে দেবেন আগামীর রূপরেখা। মঞ্চ বাঁধার কাজ প্রায় সম্পূর্ণ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তৈরি ধর্মতলা। অন্যদিকে আগামী রবিবার সুন্দরবনের গোপীনাথপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ। ৮ মার্চের সভা থেকে বিজেপি’র মিথ্যাচারের জবাব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






