গত রবিবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনির্বাণ ভট্টাচার্যের গানের দল ‘হুলি-গান-ইজম’ তাদের গানের মাধ্যমে শোয়ে কার্যত বিস্ফোরণ ঘটিয়েছে।
তৃণমূলের কুণাল ঘোষ, বিজেপির দিলীপ ঘোষ ও সিপিএমের শতরূপ ঘোষ- এই তিন ঘোষকে নিয়ে ‘পলিটিক্যাল স্যাটায়ার’ধর্মী গান নেট দুনিয়ায় ঝড় ঝড় তুলেছে। কুণাল ঘোষ গানটির প্রশংসা করেছেন। শুভেচ্ছা জানিয়ে গানের একটি অংশ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নিজের পেজ ও প্রোফাইল থেকে পোস্টও করেছেন।যদিও শতরূপপন্থীরা বেজায় চটেছেন। তাঁরা এই বিষয়ে অনির্বাণকে ট্রোল করেই চলেছেন।দেরিতে হলেও অবশেষে দিলীপ ঘোষও হুলি-গান-ইজমের হুল ফোটানো গান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। হুঁশিয়ারির সুরে শালীনতার সীমা অতিক্রম না করার উপদেশ দিয়েছেন অনির্বাণদের। এর মধ্যেই আবার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সনাতনীদের নিয়ে আপত্তিকর কথা বলা হয়েছে, এই অভিযোগ তুলে অনির্বাণকে ক্ষমা চাইতে বলেছেন তিনি। শুধু তাই নয়, ইচ্ছাকৃতভাবে সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগে বিতর্ক, ট্রোলের পাশাপাশি অনির্বাণ সহ ব্যান্ডের অন্য সদস্যদের বিরুদ্ধে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, “ব্যান্ডের প্রচারের জন্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে অনির্বাণদের গানে”। পুলিশ ব্যবস্থা না নিলে অনির্বাণদের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। পুলিশ সূত্রে খবর, ইমেলে অভিযোগ করেছেন বিজেপির সদস্য ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মেলে ব্যান্ডের গানের ক্লিপিংসও পাঠানো হয়েছে। সাইবার থানার আধিকারিকরা বিষয়টি তদন্ত করে দেখছেন।
তবে ট্রোলিং, লালবাজারে অভিযোগ এই সব কিছুকে হেলায় উড়িয়ে আপাতত আগামী অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যদের হুলি-গান-ইজম। আগামী ১৯ সেপ্টেম্বর নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ফের কয়েকটি বাংলা ব্যান্ডকে একত্রিত করে অনুষ্ঠান করাচ্ছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেখানেই ফের হুলি-গান-ইজম-কে দেখা যাবে। পাশাপাশি পুজোর সময় মার্কিন মুলুকে অনুষ্ঠান করতে যাচ্ছে অনির্বাণের গানের দল। তার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।




