Header AD

ভোররাতে শহরে জোড়া দুর্ঘটনা! বাইক আরোহীর মৃত্যু, জখম ৩

ফের শহরে পথ দুর্ঘটনা। তবে একটি নয় জোড়া দুর্ঘটনা ঘটল মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালে। ইএম বাইপাসের সার্ভে পার্ক এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। অপরদিকে ভিক্টোরিয়ার কাছে রেড রোডে দুর্ঘটনার সম্মুখীন হল একটি বেপরোয়া গাড়ি। এখনও পর্যন্ত এই ঘটনায় গাড়িতে থাকা দুজন ও এক পথচারী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন বাইক আরোহী অলোকেশ হালদার। তাঁর বাইকের গতি যথেষ্ট বেশি থাকার কারণে সিংহবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপর বাইকটি রাস্তার ডিভাইডারেও ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তাতেই ছিটকে পড়েন আরোহী। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, খুব বেশি গতিতে চলছিল বাইকটি। ওই যুবকের মাথায় হেলমেটও ছিল না। যার কারণে দুর্ঘটনার পর রাস্তায় পড়ে গিয়ে গুরুতর চোট লাগে তাঁর মাথায়।

অপরদিকে, বুধবার সকালে রেড রোডে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে একটি বেপরোয়া গাড়ি সজোরে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ও একটি গাছে ধাক্কা মারে। গতির বেগ অত্যন্ত বেশি থাকায় গাড়ির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে। গাড়ির মধ্যে ছিলেন দুজন। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে বলে জানা গিয়েছে। দ্রুত দুজনকেই জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির ধাক্কায় জখম হয়েছেন রশিদা বেগম নামে এক সাফাইকর্মী ।