Header AD

দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি কেন্দ্রের কৃতিত্ব! ‘মন কি বাত’-এ দাবি প্রধানমন্ত্রীর

দুর্গাপুজোর নিজস্ব বৈচিত্রই তাকে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তকমা এনে দিয়েছে। এর কৃতিত্ব কার? এবার তা নিয়েও রাজনৈতিক তরজা শুরু হল। ষষ্ঠীর সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি তুললেন, কেন্দ্রের লাগাতার প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। তাঁর এহেন দাবি নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে।বিহার ভোটের আগে এদিন বড় ‘প্রতিশ্রুতি’ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, এবার ছট পুজোকেও যাতে ইউনেস্কোর ‘ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজে’র তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য কাজ করছে কেন্দ্র। এই প্রসঙ্গেই দুর্গাপুজোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বাংলার দুর্গাপুজোকেও এই স্বীকৃতির নেপথ্যে রয়েছে কেন্দ্রের লাগাতার প্রচেষ্টা। এও বলেন, ‘‘কয়েকদিন আগে ভারত সরকারের এই প্রচেষ্টার ফলস্বরূপ কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।’’ প্রসঙ্গত বাঙালির সেরা উৎসবকে ইউনেস্কোর এই স্বীকৃতি দান নিয়ে এতদিন গর্বপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর আয়োজিত ‘বিসর্জন কার্নিভাল’ই এই উৎসবের জৌলুস আরও বাড়িয়েছে, বিশ্বের দরবারে নিয়ে গিয়েছে শারদোৎসবকে। তাই ইউনেস্কোর তরফে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেটা ছিল ২০২১ সালে। কিন্তু তার চার বছর পর হঠাৎ প্রধানমন্ত্রী মোদি সেই কৃতিত্ব দাবি করায় এনিয়ে সমালোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।